বিগ ব্যাশে নিশ্চিত নন জনসন

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৫:৫৬
অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের আসন্ন মৌসুমে অংশগ্রহণে নিশ্চিত নন সাবেক অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন। গত বছর নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৩৪ বছর বয়সী এই বাঁহাতি পেসার।
আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাত্র তিনটি ম্যাচে অংশ নেন এই ক্রিকেটার। টুর্নামেন্টে ৫৩ গড়ে নিয়েছেন মাত্র দুটি উইকেট। কিন্তু তারপরেও বিগ ব্যাশের ২০১৬-১৭ মৌসুমে পার্থ স্কোরচার্স ও ব্রিসবেন হিট তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে।
 
সিডনি টাইমস পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে লিখিত এক বার্তায় জনসন তার পুরো ক্যারিয়ারের জন্য ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। একইসাথে তিনি সেখানে উল্লেখ করেছেন নিজের ভবিষ্যত নিয়ে এখনো তিনি কিছু চিন্তা করেননি।
 
আগামী মৌসুমের জন্য ইতোমধ্যেই হিট জনসনকে প্রস্তাব দিয়েছে। জনসন যদি অন্য কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে সেটাও তার সামনে উন্মুক্ত আছে। এই মাসের শেষে এসম্পর্কে জনসন কিছু জানাতে পারেন বলে তার ম্যানেজার স্যাম হারভোরসেন জানিয়েছেন।
 
এর আগে বিবিএল এ স্কোরচার্স ও হিটসের রোস্টারে তার নাম থাকলেও জাতীয় দলে খেলার কারণে এ পর্যন্ত ঘরোয়া এই টি২০ লিগে জনসনের খেলা হয়নি। তবে ক্রিকেট ক্যারিয়ার শেষ হবার আগে তিনি অস্ট্রেলিয়ান এই লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন।
 
সে কারণেই হিটসের পাশাপাশি স্কোরচার্সও জনসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। বিশেষ করে অভিজ্ঞ ব্র্র্যাড হগ সম্প্রতি মেলবোর্ন রেনেগেডসে চলে যাবার পরে তারা আরো বেশি করে জনসনকে দলে নিতে চাইছে।
 
এদিকে স্কোরচার্সের কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান, দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন কিংবা মর্নে মরকেলের যেকোন একজনকে তিনি দলে পেতে ইচ্ছুক।