আর্সেনালের কোচ হওয়ার স্বপ্ন অঁরির

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৬:০৯
আর্সেনালের কোচ হওয়ার স্বপ্ন দেখেন দলটির সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরি। সম্প্রতি স্কাই স্পোর্টসের সঙ্গে চুক্তির কারণে আর্সেনালের অনূর্ধ্ব-১৮ দলের কোচ পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন এই ফ্রেঞ্চ তারকা।
 
তবে গানারদের মূল দলের কোচ হওয়ার স্বপ্ন তার। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’কে দেওয়া সাক্ষাৎকারে অঁরি বলেন, ‘কোচ হওয়ার ইচ্ছা নেই এ কথা বলাটা মিথ্যা হবে কারণ আমি আর্সেনালকে ভালোবাসি। খেলাটি আমার আবেগ এবং এটা সবসময়ই থাকবে। আমি তা পরিচালনা করতে চাই, কিন্তু এখনো অনেক দূরে আছি।’
 
তিনি বলেন, ‘যদিও আমি এখন যেকোনো টিমকে কোচিং করাতে পারি। উয়েফা প্রো লাইসেন্স (কোচিংয়ের চূড়ান্ত যোগ্যতা) অর্জন করতে চাই। সেটি নিয়েই কাজ করছি, যা আমাকে আরো দক্ষ করে তুলবে। প্রথম শ্রেণির দলের কোচ হতে হলে অবশ্যই অভিজ্ঞতা দরকার। এটাই অর্জনের চেষ্টা করছি।’
 
বয়সভিত্তিক দলকে কোচিং করাতে হলে মিডিয়া চুক্তি বাতিল করতে হবে আর্সেন ওয়েঙ্গারের এমন শর্তের মুখেই দায়িত্ব ছেড়ে দেন আর্সেনালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
 
চলতি বছরের শুরুতে উয়েফার ‘এ’ শ্রেণির কোচিং লাইসেন্স পান অঁরি। কিন্তু ক্লাবের মূল দলের দায়িত্ব নেওয়ার পথে এখনো অনেক দূরে আছেন বলেই জানান তিনি।