সামরিক অভ্যুত্থান নস্যাৎ করার পর প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সমর্থনে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে। দেশের ভেতর অভ্যুত্থান সমর্থকদের গ্রেফতার অভিযানের মধ্যেই সরকার সমর্থকরা রাস্তায় অবস্থান করছেন।
অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন এরদোগান। তবে গুলেন এই অভিযোগ অস্বীকার করেছেন। গুলেনকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন এরদোগান।
IMG0
অভ্যুত্থানের পর বহু সৈন্যের আত্মসমর্পণের ছবি টেলিভিশনে দেখানো হয়। আত্মসমর্পণকারীদের মধ্যে অনেকের হাত পিছন দিকে বাধা ছিল। অনেককে আবার রাস্তায় জড়ো করে বসিয়ে রাখা হয়। অভ্যুত্থানকারী সেনারা রাস্তায় নামার পর সরকার সমর্থকদের বাধার মুখে পড়ে। বিভিন্ন ভিডিও ফুটেজে সেনা সদস্যদেরকে আত্মসমর্পণ করতে দেখা যায়। এসময় বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে অভ্যুত্থানকারীরা।
অভ্যুত্থান নস্যাৎ হয়ে যাওয়ার পরও ইস্তাম্বুলের মধ্যাঞ্চলে তাকসিম স্কয়ার, প্রেসিডেন্টের নিজ জেলা কিসিকলি, আঙ্কারার কিজিলেই স্কয়ার ও উপকূলীয় জমির নগরীতে শনিবার এরদোগানের হাজার হাজার সমর্থক অবস্থান নিয়ে রেখেছেন।
