খুনের শহর

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২০:২৪

বদরুল বোরহান

  (সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আবরার-এর

  আত্মার শান্তি কামনায়)

 

‘ঢাকার শহর জাদুর শহর, খুনের শহর আহা রে’

পিচ ঢালা এই সড়ক সাজায়, রক্ত-রঙের বাহারে।

 

সবুজ-কোমল শিক্ষার্থীরা নয় নিরাপদ সড়কে,

সকল পেশার মানুষ হারায় দুর্ঘটনার মড়কে।

 

সড়ক-মড়ক, লাশের মিছিল, রাজধানী এই ঢাকাতে,

আর কত কাল মরবে মানুষ যন্ত্র-দানোর চাকাতে?

 

কিশোর বালক গাড়ির চালক আজব ঢাকার শহরে,

মৃত্যু-মিছিল হচ্ছে শামিল নিত্য লাশের বহরে।

 

সড়ক-যমের মরণ-কামড়, চাই না জীবন হারাতে,

কোথায় আছেন মন্ত্রী-মেয়র, আসুন এ-রোগ সারাতে।