তুরস্কে সামরিক অভ্যুত্থানের ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে এখন পর্যন্ত সারাদেশ থেকে ছয় হাজার মানুষ গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সামনে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ইঙ্গিত দিলেন দেশটির বিচার মন্ত্রী বেকির বোজড্যাগ।
আটককৃতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছাড়াও রয়েছেন ২৭০০ বিচারক। রবিবারই আটক করা হয় অর্ধশতাধিক সামরিক কর্মকর্তাকে। এই অভিযানকে ‘ক্লিন-আপ অপারেশন’ বলে আখ্যা দিয়েছেন বোজড্যাগ। শনিবার ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অন্তত ২৬৫ জন নিহত হন।
ঘটনায় জড়িতদের মৃত্যুদণ্ড দেয়ার বিধান তৈরি করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এরদোগান এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করেছেন। বিবিসি
