খাগড়াছড়ির রামগড় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হলেও বিষয়টি রবিবার গণমাধ্যমে জানানো হয়। শহিদুল ইসলাম ভূইয়া রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
প্রজ্ঞাপনে বলা হয়, রামগড় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে ১৯৯৯ সালের ২৮ জুন রামগড় থানায় দায়ের করা একটি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়া চেয়ারম্যানের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ জানায়, ১৯৯৯ সালের ২৮ জুন খাগড়াছড়ি থেকে বাড়ি ফেরার পথে রামগড়ের মাহবুব নগর এলাকায় দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে আওয়ামী লীগ নেতা মো. ইয়াসিনের গতিরোধ করে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ইয়াসিনের পিতা সফিকুর রহমান বাদী হয়ে ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর মধ্যে সাতজনের নাম বাদ দিয়ে ২১ জনের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র( চার্জশিট) দেয় পুলিশ। শহিদুল ইসলাম চার্জশিটভুক্ত আসামিদের একজন।
