গুলশানসহ ঢাকার উত্তরের অভিজাত আবাসিক এলাকাগুলোতে অনুমোদন ছাড়া গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। গুলশান,বনানী ও বারিধারার ৫৫২টি অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্বে শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে।
চিহ্নিত স্থাপনাগুলোর মধ্যে রেস্তোরাঁ, হোটেল, স্কুল-কলেজ ও হাসপাতাল রয়েছে বলে রাউজকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী জানিয়েছেন। রবিবার ইত্তেফাককে তিনি বলেন, আমরা একটি তালিকা চুড়ান্ত করেছি। এ তালিকায় রেস্তরাঁ, স্কুল-কলেজ, হাসপাতালসহ ৫৫২টি প্রতিষ্ঠানকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের বৈঠকে জমা দেওয়ার পর এসব প্রতিষ্ঠানের বিষয়ে করণীয় ঠিক করা হবে। এর আগে গত বৃহস্পতিবার গুলশান, বনানী ও বারিধারার আবাসিক এলাকার অবৈধ হোটেল-রেস্তোরাঁ উচ্ছেদে শিগগিরই অভিযান শুরু হবে বলে জানিয়েছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
দুই সপ্তাহ আগে গুলশানের এক রেস্তোরাঁয় নজিরবিহীন জঙ্গি হামলার পর অভিজাত এসব এলাকার অননুমোদিত স্কুল-কলেজ, হোটেল-রেস্তোরাঁ ও হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। তবে স্কুল-কলেজ ও হাসপাতালগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন মাস সময় দেওয়া হবে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী।
