যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ২০:২৫
যশোর কেন্দ্রীয় কারাগার সংলগ্ন পুকুরে ডুবে হৃদয় আহম্মেদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
রবিবার দুপুর ৩টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে শিশুটি ডুবে মারা যায়। হৃদয় যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার জুলহাসের ছেলে ও মুসলিম একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র।
 
হৃদয়ের স্বজন বাদল হোসেন জানান, রবিবার দুপুরে স্কুল থেকে হৃদয় বাড়িতে আসে। পরে বন্ধুদের সঙ্গে বৃষ্টির মধ্যে খেলতে বের হয়। এক পর্যায়ে হৃদয় ও তার বন্ধুরা কারাগারের কাছের পুকুরে নামে। এই পুকুরের এক পাশ থেকে বালু উত্তোলন করেছিল স্থানীয় লোকজন। এতে সেখানে কুয়ার মত সৃষ্টি হয়। হৃদয় খেলতে গিয়ে ওই কুয়ার মধ্যে পড়ে যায়। তখন তার বন্ধুরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় রেজোয়ান নামে এক লোক তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহম্মদ ইত্তেফাককে বলেন, ‘সরকারিভাবেই কারাগার এলাকায় ৫টি পুকুর খননের সিদ্ধান্ত আছে। তারই একটিতে এক শিশু মারা গেছে বলে আমরা খবর পেয়েছি। বালু উত্তোলনের মাধ্যমে কুয়া বা গর্ত হবার বিষয়টি সঠিক না।’