আমবাড়ী-কাটাখালী সড়কের বেহাল অবস্থা

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ০০:৪৮
সুনামগঞ্জ জেলা শহর থেকে সড়কপথে আমবাড়ি বাজার-কাটাখালী বাজার হয়ে ছাতকের দূরত্ব ৩০ কি.মি.। এটি সুনামগঞ্জ শহরের শেষ প্রান্ত থেকে কাটাখালী বাজার এলাকা পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের (সওজ)। কাটাখালী বাজার থেকে ছাতক পর্যন্ত এলজিইডির। এর আমবাড়ি বাজার এলাকা থেকে কাটাখালী বাজার পর্যন্ত প্রায় ৫ কি.মি. এখন স্থানীয় এলাকাবাসী ও যাতায়াতকারীদের জন্য ভয়ংকর দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।
 
সড়কের এ অংশটুকু ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক আগেই। এরপরও এলাকাবাসী এ সড়কপথেই চলাচল করছেন বাধ্য হয়ে। এই সড়কের ভাঙা অংশের দুর্ভোগ বিষয়টি নিয়ে ইতোমধ্যে জেলা উন্নয়ন সভায় একাধিকবার আলোচনা হয়েছে। সভায় সওজ কর্তৃপক্ষ দ্রুত সড়কটি মেরামতের জন্য বললেও এখন পর্যন্ত তাদের কোনো উদ্যোগ নেই। গতবছর ওই সড়কের আমবাড়ি বাজার থেকে কাটাখালী বাজার পর্যন্ত ১০ কি.মি. রাস্তা সড়ক ও জনপথ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল আহমদ।
 

সুনামগঞ্জ শহর থেকে দোয়াবাজার উপজেলার আমবাড়ি বাজার এলাকা পর্যন্ত রাস্তাটি মোটামুটি ভালো। এরপর থেকে পুরো রাস্তা গর্তে ভরা। এসব গর্তের উপর দিয়েই প্রতিনিয়ত শত শত যানবাহন আসা যাওয়া করায় দিন দিন আরও খারাপ হচ্ছে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল আমিন বলেন, সুনামগঞ্জ জেলা শহর থেকে আমবাড়ি বাজার-কাটাখালী বাজার হয়ে ছাতক পর্যন্ত পুরো রাস্তাটি একসময় এলজিইডির আওতায় ছিল। গতবছর এ সড়কের সুনামগঞ্জ থেকে কাটাখালী বাজার পর্যন্ত ১৫ কি.মি. আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতবছর সুনামগঞ্জ শহরের কাছে ১৩শ’ মিটার মেরামত করেছি। সামনের আরো কিছু অংশ মেরামতের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। আশা করছি কিছু বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ পাওয়ার পর পরই জায়গাটুকু মেরামত করা হবে।