রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় মামলার চার্জশিটভুক্ত তিন শিবিরকর্মীসহ ৩৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার দিবাগত রাত থেকে আজ সোমবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ৩ শিবিরকর্মী হলেন- মিঠাপুকুর উপজেলার জয়রামপুর গ্রামের ওয়াজেম উদ্দিনের ছেলে ওমর ফারুক (৩২), উপজেলার চিতলী দক্ষিণপাড়া গ্রামের একরামুল হকের ছেলে আবু তাহের (৩৮) ও উপজেলার জয়ন্তিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আশিকুর রহমান (২৬)।
মিঠাপুকুর থানার ওসি মো. হুমায়ন কবির জানান, নাশকতা ও পেট্রোল বোমা হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে নাশকতা ও চুরি-ডাকাতি আইনে মামলা রয়েছে।
সোমবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
