কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইউপি সদস্য মো. জামাল হোসাইনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা ১১ টার দিকে হ্নীলার চৌধুরীপাড়ার রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জামাল হোসেইন টেকনাফ হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং একই এলাকার মৃত হায়দর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ। তিনি জানান, সকালে নিজ গ্রামে মাদক ও মারামারির পলাতক আসামি ইউপি সদস্য জামাল হোসাইন অবস্থান করার খবর পেয়ে চৌধুরী পাড়ার রাস্তার মাথা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদক ও মারামারির মামলায় দুইটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হবে।
