অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য খতিয়ে দেখছে রাবি প্রশাসন

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৬:৪২
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ১০ দিনের বেশি সময় অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের তথ্য খতিয়ে দেখছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
 
গত বুধবার থেকে শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য বিশ্নেষণ শুরু করেছে প্রশাসন। এ ছাড়া সার্বিক নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।
 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে দুটি জঙ্গি হামলার ঘটনার পর শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের বেশি শিক্ষার্থীরা অনুপস্থিত থাকলে তাদের বিষয়ে মন্ত্রণালয়কে জানাতে বলেন। এই নির্দেশনার পর গত বুধবার থেকে শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন তথ্য চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বিভাগগুলোতে একটি চিঠি দেওয়া হয়েছে। এছাড়া প্রক্টর দপ্তরসহ  বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়ে নানা তথ্য সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মিজানুর রহমান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়সহ দেশের সামগ্রিক নিরাপত্তার স্বার্থেই এ কাজ শুরু করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী কী বিষয়ে তথ্য সংগ্রহ করছে তা নিরাপত্তার স্বার্থে এখনই বলা যাচ্ছে না।’