পাবলিক বিশ্ববিদ্যালয়ে জঙ্গি কার্যক্রম দমনে নিবিড় পর্যবেক্ষণের আহ্বান ইউজিসির

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ২০:৩৮
 
পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে জঙ্গি কার্যক্রম দমনে আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য উপাচার্যদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে সাম্প্রতিক পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়সমূহের অন্যান্য বিষয় নিয়ে ইউজিসির এক মতবিনিময় সভায় এ আহবান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
 
সভায় সম্প্রতি সংগঠিত গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় উপস্থিত উপাচার্যরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে জঙ্গি কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে বলেন, জঙ্গি নির্মূলে বিশ্ববিদ্যালয়সমূহের পক্ষ থেকে সরকারকে সব রকমের সহযোগিতা প্রদান করা হবে। সভায় উপাচার্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে ইউজিসিকে আরো সক্রিয় ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানান এবং বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক নিরাপত্তার বিষয়ে সরকারের সযোগিতা চান।
 
ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি, প্রফেসর ড. মো. আলাউদ্দিনসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসি সচিব ড. মো. খালেদসহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।