ছাদবাগানের এক ফেরিওয়ালা ফারহানা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:০৬

যশোর অফিস

বাতাবি লেবুর সুবাসে ছাদটা ভরে উঠেছে। আবার বাতাবি লেবুও ধরে আছে ডালে ডালে। প্রকৃতির এমন বিচিত্র সমাহার প্রকৃতিপ্রেমী যেকোনো মানুষকে মাতোয়ারা করে তোলে। বাতাবি লেবুর সাথে যেন মিতালী থাই কাঁচামিঠা আম, গৌরমতি আম কিংবা আমলকী আর মেওয়া ফলের। সবারই সহবস্থান। তবে তা ছাদে। ছাদবাগানের এমন অদ্ভুত সুন্দর ব্যঞ্জনা সৃষ্টি হয়েছে যশোর শহরতলীর বকচর মসজিদপাড়া এলাকার ফারহানা ইয়াসমীনের বাড়ির ছাদে। তার কথায় ‘মনের সবটুকু রঙ হূদয়ের সবটুকু অনুভূতি আর হাতের আলতো ছোঁয়ায় আমি সাজিয়েছি আমার বাগান।’ তার বাগানে শোভা পাচ্ছে ২৪০টি ফুল-ফল-ভেষজ ও সৌন্দর্যের গাছের চারা। বাংলা ১৪২৩ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার লাভ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে। বিষমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি সবজি ও ফল উত্পাদনের জন্য ২০ জন মহিলাকে নিয়ে গড়েছেন একটি দল।