লক্ষ্মীপুরে রায়পুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের একটি স্কুল মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সড়কে চালতালী এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজন ছাত্রের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়পুর থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সড়কে চালতালী এলাকায় কাজী ফারুকীর মিনি স্কুলবাসটি অতিক্রম করতে যায়। এসময় যাত্রীবাহী বাসটি পিছনে ধাক্কা দিলে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের বাসে থাকা অনন্ত ১০ ছাত্র-ছাত্রী আহত হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়েই পুলিশ ও স্থানীয়দের নিয়ে আহত ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
