চুয়াডাঙ্গার জীবননগরে বাউল আখড়ায় তিন ভক্তকে পিটিয়ে জখমের ঘটনায় জড়িত সন্দেহে আরো তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে বাউল আস্তানার পাশের সেনেরহুদা ও উথলী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে আটক একজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আটককৃতরা হলেন জীবননগরের সেনেরহুদা গ্রামের নেপাল মণ্ডলের ছেলে মো. কলিমদ্দিন (৩৯), আনাম আলীর ছেলে শফি উদ্দিন (২৬) ও উথলী গ্রামের সাগর আলীর ছেলে ইলিয়াস হোসেন (২৫)।
জীবননগর থানার এসআই আকরাম হোসেন বলেন, বাউল আখরায় হামলার ঘটনায় ওই তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিষয়ে খোঁজখবরও নেয়া হচ্ছে।
