গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, 'জঙ্গিবাদে সম্পৃক্ত ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের সাথে কোন ঐক্য হবে না।'
তিনি মঙ্গলবার গণজাগরণ মঞ্চের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো গণসংযোগকালে এ কথা বলেন। সকাল এগারোটা থেকে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালায় মঞ্চের নেতা-কর্মীরা।
'প্রতিরোধ ঘরে ঘরে' কর্মসূচীর দ্বিতীয় দিনের গণসংযোগের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে গণমাধ্যমকর্মীদের সাথে দিনের কর্মসূচী নিয়ে কথা বলেন ইমরান এইচ সরকার। এসময় তিনি বলেন, 'বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর ও জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার যে অপচেষ্টা চলছে আমরা তার বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছি। জঙ্গিবাদ এখন আর নেহাত কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি রীতিমতো সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।'
ইমরান এইচ সরকার বলেন, 'সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী স্কোয়াড গঠনের ঘোষণা দেয়ার পর থেকে আমরা শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা শুধু তাদের শিক্ষা প্রতিষ্ঠান নয়, তাদের এলাকায় পাড়া মহল্লায় জঙ্গিবাদবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে চান।'
