তারাকান্দায় দুই কৃষক হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:১০

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দার কোদালধর এলাকার সহোদর দুই কৃষক হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো একই এলাকার রামচন্দ্রপুরের জমির উদ্দিনের ছেলে লিয়াকত আলী, তার ছেলে আনোয়ার হোসেন, জমির উদ্দিনের ছেলে আবুল কাসেম ও সিরাজ আলীর ছেলে হোসেন আলী।

বুধবার বিশেষ জজ আদালতের বিচারক মো. এহ্সানুল হক এ আদেশ দেন।

মামলার ২২ জন আসামির চারজনের মৃত্যুদণ্ডাদেশ ও প্রত্যেককেই ২০ হাজার টাকা জরিমানা, বাকি তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ১৫ জনকে বেকসুর খালাসের আদেশ দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ২০০১ সালের ৪ আগস্ট ধারালো রামদা-বল্লমের আঘাতে আসামিরা মৃত হাফিজ উদ্দিনের দুই ছেলে আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিনকে হত্যা করে পালিয়ে যায়। ওই দিনই নিহত গিয়াস উদ্দিনের ভাই আব্দুল খালেক বাদী হয়ে তারাকান্দা থানায় ২২ জনের নামে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট শেখ আবুল হাসেম, বাদীপক্ষের অ্যাডভোকেট আব্দুর গফুর, বিশ্বনাথ পাল ও আসামিপক্ষের অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান মামলা পরিচালনা করেন।