এখনই অবসর নিচ্ছেন না রোবেন

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ২০:১২
এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের কোন ইচ্ছা নেই ডাচ তারকা এরিয়েন রোবেনের। যদিও জাতীয় দলে অংশগ্রহণের কারণেই তিনি ইনজুরির কবলে পড়েছেন বলে মনে করছেন।
 
হল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার ত্যাগ করবেন কিনা গোল ডট কমের এমন এক প্রশ্নের জবাবে রোবেন বলেন, ‘মোটেই না, এখনই (অবসর ) নয়। যে কোন পরিস্থিতিতে বিশেষ করে আমার জন্য ফিজিক্যাল স্টাফের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে বলে আপনি হয়তো এমন চিন্তা করছেন। সেটা করতেই পারেন। তবে হল্যান্ডের হয়ে খেলতে আমি গর্ববোধ করি। আমি দলটির অধিনায়ক। দেশের হয়ে খেলতে পারাটা সবার জন্যই সম্মানের। সুতরাং এখনই আমি সেই সুযোগ পরিত্যাগ করতে চাই না।’
 
ইনজুরির কারণেই ক্লাব মৌসুমের উদ্বোধনী পর্বে সাইডলাইনে কাটাতে হচ্ছে তাকে। কুচকির ইনজুরির কারণে আগামী ৬ সপ্তাহের জন্য সাইডলাইনেই বসে থাকতে হবে রোবেনকে। ফলে ক্লাবের মৌসুম পুর্ব ম্যাচগুলোতেও অংশগ্রহণ করতে পারবেননা তিনি।
 
ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ফিটনেসের বিষয়টিই ৩২ বছর বয়সী রোবেনের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কারণে এই বয়সে এসে অনেক খেলোয়াড়ই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে ক্লাব ফুটবলের দিকেই বেশি মনোযোগী হয়ে পড়ে। তবে সে ধরনের কোন চিন্তা নিজের মধ্যে নেই বলেই জানিয়েছেন ডাচ তারকা।
 
সদ্য সমাপ্ত ইউরো ২০১৬ আসরে কোয়ালিফাই হতে না পেরে এতে অংশ নিতে ব্যর্থ হয়েছে হল্যান্ড। এ জন্য ফ্রান্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের গ্রুপ পর্বের কোন খেলাই দেখেননি তিনি। রোবেন বলেন, ‘আপনি যখন অংশ নিতে পারবেন না তখন ওই টুর্নামেন্টটিকে আমলে নেয়াটা বেশ কঠিন। আমাদের অবশ্যই সেখানে অংশগ্রহণ করা উচিত ছিল। সুতরাং বিষয়টি খুবই হতাশার।
 
সত্যিকার অর্থেই আমি (গ্রুপ পর্বের) কোন ম্যাচ সরাসরি দেখিনি। তবে সেখানে বায়ার্নের স্বার্থগত অগ্রগতির দিকে আমার নজর ছিল। আমি শুধুমাত্র নকআউট পর্বের কয়েকটি ম্যাচ সরাসরি উপভোগ করেছি। পরিবারের সদস্যদের নিয়ে আসরের কিছু ভাল খেলা আমি দেখেছি। এ সময় কয়েক সপ্তাহের জন্য আমি অবকাশ যাপন করতে যুক্তরাষ্ট্র সফরে ছিলাম। অবশ্য খেলার ফলাফল সম্পর্কে আমি নিয়মিত খোঁজ-খবর রেখেছি।’