কোটালীপাড়া উপজেলা নির্বাচনী দায়িত্ব থেকে ওসিকে অব্যাহতি

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:১০

গোপালগঞ্জ প্রতিনিধি

কোটালীপাড়ায় উপজেলা নির্বাচনী দায়িত্ব থেকে কোটালীপাড়া থানার ওসি মোঃ কামরুল ফারুককে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার ২০ মার্চ নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব নুর নাহার ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে এ আদেশ দেওয়া হয়। বুধবারই এ চিঠি  গোপালগঞ্জ এসে পৌঁছিয়েছে। চিঠিতে কোটালীপাড়া থানার ওসি মোঃ কামরুল ফারুককে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওই থানার ওসি তদন্তকে দায়িত্ব দিতে বলা হয়েছে। পাশাপাশি একজন অতিরিক্ত পুলিশ সুপারকে নির্বাচন তদারকির দায়িত্ব দিতে বলা হয়েছে ওই চিঠিতে।

গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সি বলেন, নির্বাচনী দায়িত্ব থেকে কোটালীপাড়া থানার ওসি মোঃ কামরুল ফারুককে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ করেন এক প্রার্থী। এ অভিযোগের সত্যতা পেয়ে নির্বাচন কমিশন তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি গোপালগঞ্জের সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছে গেছে।