বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, জাতীয় ঐক্য হয়ে গেছে-এমনটা বলে সরকার মৌলিকভাবে ভুল করেছে, জনগণের মাঝে বিভক্তি সৃষ্টি করেছে। কারণ, জঙ্গিবাদ একটি ব্যাধি। এটা একক কোনো রাজনৈতিক দল কিংবা সরকারের পক্ষে সারানো সম্ভব নয়। এটা সারাতে সম্মিলিত উদ্যোগ তথা জাতীয় ঐক্য প্রয়োজন।
সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে বিএনপি চেয়ারপারসনের জাতীয় ঐক্যের আহ্বান প্রত্যাখ্যান সত্ত্বেও সরকারের প্রতি পুনরায় ঐক্যের আহ্বান জানিয়ে নোমান বলেন, জাতিকে বিভক্ত করার মধ্য দিয়ে আমরা জনগণকে অতল সমুদ্রে ভাসিয়ে দিতে পারি না।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে এক আলোচনা সভায় এ সব কথা বলেন নোমান। ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বেগম খালেদা জিয়ার আহ্বান এবং সরকারের ভূমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’।
আবদুল্লাহ আল নোমান বলেন, জঙ্গিবাদ জাতীয় সমস্যা। জাতীয়ভাবেই এটা মোকাবিলা করতে হবে। জঙ্গি দমনে অনেক দেশ বন্ধুবেশে আমাদের দেশে আসতে চায়। কিন্তু তারা যেভাবে আসতে চায়, তাদের কার্যকলাপ সেইভাবে পরিচালিত হবে কি না, সেটা নিয়ে দেশবাসী সন্দিহান। আর এই সন্দেহ শুধু জনমনে নয়, আওয়ামী লীগ নেতাদের মধ্যেও দেখা দিয়েছে, যেটা তাদের বক্তব্যে প্রতিফলিত হচ্ছে।
