সেইন্টফিটের ভাবনায় মালদ্বীপ ম্যাচ

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ২০:৫৪
এখনো মৌখিক পর্যায়েই আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে টম সেইন্টফিটের চুক্তি। তবে জাতীয় দল নিয়ে কাজ শুরু করে দিয়েছেন এই বেলজিয়ান কোচ। তার লক্ষ্য মালদ্বীপ ম্যাচ।শিগগিরই শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগ দেখে নতুন শিষ্য বাছাইয়ের অপেক্ষায়ও আছেন এই বেলজিয়ান।
 
এশিয়ান কাপের বাছাইপর্বে ওঠার প্লে-অফ ম্যাচে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১০ অক্টোবর ভুটানের মাঠে খেলবে বাংলাদেশ। এ ম্যাচের জন্য নিজেদের ঝালিয়ে নিতে আগামী ১ সেপ্টেম্বর মালেতে মালদ্বীপের মুখোমুখি হবে মামুনুলরা।
 
সেইন্টফিটের সঙ্গে চুক্তি নিয়ে মঙ্গলবার আলোচনার পর প্রস্তুতি ম্যাচ নিয়েও কথা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, ‘ভুটানের বিপক্ষে ৬ সেপ্টম্বর প্রথম লেগের ম্যাচ। তার আগে ১ সেপ্টেম্বর মালেতে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ হবে।’
 
মালদ্বীপ ম্যাচ নিয়ে মুখিয়ে থাকার কথা সাংবাদিকদের জানান সেইন্টফিট, ‘আমরা মালদ্বীপের মাঠে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছি। এটা একটা ভালো দিক। ম্যাচটি এখানে হলে ভালো হতো। কিন্তু ওখানে হলেও খারাপ হবে না। ভুটান ম্যাচের আগে প্রীতি ম্যাচটি কাজে লাগবে।’
 
ছয় দিনের ক্যাম্পের পর পারিবারিক প্রয়োজনে বেলজিয়ামে ফেরার কথা ছিল সেইন্টফিটের। ভুটান ম্যাচের আগে নতুন শিষ্যদের খোঁজে ২৭ জুলাই পর্যন্ত প্রিমিয়ার লিগের শুরুর কয়েকটা ম্যাচ দেখে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এবারের লিগ শুরু হবে ২৪ জুলাই।
 
বাফুফের তিন মাস মেয়াদের চুক্তিতে সাড়া দেওয়ার কথা পুরানো কথা নতুন করে জানিয়ে সেইন্টফিট বলেন, ‘আপাতত ভুটান ম্যাচে দৃষ্টি আমার। দীর্ঘমেয়াদের চুক্তির বিষয়টি এরপর দেখা যাবে। জিতলে তো সুযোগ থাকবে। চট্টগ্রামে যাব (লিগের) খেলা দেখতে। সবার পারফরম্যান্স দেখবো। যে কেউ জাতীয় দলে সুযোগ পেতে পারে। অগাস্টের শেষে ফের ক্যাম্প শুরু করব।’
 
তিন জনের সংক্ষিপ্ত তালিকায় রাখলেও শেষ পর্যন্ত সেইন্টফিটকে কোচ করেনি নাইজেরিয়া। তাই সেইন্টফিটকে লম্বা সময়ের জন্য পাওয়ার সুযোগ থাকছে বাফুফের সামনে। নাবিল ইঙ্গিত দেন, ২৭ জুলাইয়ের আগে বেলজিয়ামের এই কোচের সঙ্গে তিন মাসের জন্য চুক্তিটাও হয়ে যাবে তাদের।