ফরিদগঞ্জে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ি লণ্ডভণ্ড

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:১০

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

ফরিদগঞ্জের উত্তরাঞ্চল দিয়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বিকেলে হঠাত্ বয়ে যাওয়া ঝড়ে একটি বসতবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া বিদ্যুতের কয়েকটি খুঁটি উপড়ে পড়ায় বিভিন্ন এলাকা বিদ্যুত্ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ের কবলে পড়ে এফএনএফ ব্রিক ফিল্ডের মো. মোস্তফা কামাল, মাইকেল, সুজনসহ পাঁচজন শ্রমিক আহত হয়। এ ছাড়া শিলা বৃষ্টিতে চাষাবাদকৃত ধান ও আখসহ বিভিন্ন ধরনের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ বলেন, ইউপি চেয়ারম্যান আমাকে কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি অবহিত করেছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে সহায়তা করা হবে।