টুইটারে ভেরিফায়েড হতে আবেদন করতে পারবে যে কেউ

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৫:২৬
ভেরিফায়েড অ্যাকাউন্ট নীতিমালা পরিবর্তনের ঘোষণা দিয়েছে ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটার। সাইটটির ব্যবহারকারীরা এখন থেকে নির্দিষ্ট অনলাইন ফর্ম (ফর্মটি পাওয়া যাবে টুইটারের নিজস্ব সাইটে) পূরণের মাধ্যমে ভেরিফিকেশনের জন্য অনুরোধ জানাতে পারবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
 
মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ভেরিফিকেশনের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে। শিগগিরই অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্যও তা চালু করা হবে।
 
এ ব্যাপারে এক ঘোষণায় টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সাইটে ভেরিফায়েড হওয়া অ্যাকাউন্টগুলো 'প্রামাণিক' অ্যাকাউন্ট হলে গণ্য হবে। ওই অ্যাকাউন্টগুলোতে টুইটারের জুড়ে দেয়া নীল রঙের শনাক্তকরণ আইকন (টিক চিহ্ন) দেখে তা 'নির্ভেজাল' বলে চিনে নেবে অন্যান্য ব্যবহারকারী বা সংগঠন।
 
টুইটার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সাধারণের আগ্রহের কেন্দ্রবিন্দু হওয়ার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার থাকলে যে কোনো ব্যবহারকারীই অ্যাকাউন্ট ভেরিফায়েডের অনুরোধ করতে পারবেন। সাধারণত টিভি, ফিল্ম, ফ্যাশন, সরকার, রাজনীতি, ধর্ম, সাংবাদিকতা, খেলাধূলা, ব্যবসা ও অন্যান্য জন-আগ্রহের ক্ষেত্রগুলোতে নিয়োজিত ব্যক্তি বা সংগঠন এতোদিন ভেরিফায়েড হওয়ার সুবিধা পেয়ে এসেছে টুইটারে।
 
ভেরিফিকেশনের অনুরোধের জন্য একটি ডেটিকেটেড পেজ খুলেছে টুইটার কর্তৃপক্ষ। এখানে পরিচয় নিশ্চিত করার জন্য আবেদনকারীকে আরও দুই বা তার বেশি ওয়েবসাইটের লিঙ্ক পাঠাতে হবে। পাশাপাশি ভেরিফায়েড হতে চাওয়ার কারণ উল্লেখ করতে হবে।