পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের সমস্ত সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার শুনানির সময় তার অনুপস্থিতিতেই রাজধানী ইসলামাবাদের বিশেষ আদালতের তিন বিচারকের বেঞ্চ এ নির্দেশ দেয়।
মোশাররফ আত্মসমর্পণ করা কিংবা আটক না হওয়া পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন বেঞ্চের সভাপতি বিচারপতি মাজহার আলম মিয়ানখেল। তিনি বলেন, আইন অনুযায়ী, এ ধরনের মামলা আসামির অনুপস্থিতিতে চলতে পারে না।
‘দ্য ডন’ জানায়, মোশাররফের আইনজীবী আদালতকে জানিয়েছেন তার মক্কেল অসুস্থ এবং তার পক্ষে আদালতে হাজিরা দেওয়া সম্ভব নয়। গত মার্চ মাসে তিনি চিকিত্সার জন্য দুবাই গেছেন। দেশের শীর্ষ আদালত তার ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলে তিনি পাকিস্তান ছেড়ে দুবাই যান।
মোশাররফের বিরুদ্ধে দেশদ্রোহসহ ১৯৯৯ সালে সেনা প্রধান হিসাবে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল সংক্রান্ত অন্যান্য অভিযোগ আছে। ২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টো হত্যা মামলা এবং ইসলামাবাদে সেনা অভিযান চালিয়ে এক ইমামকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্র: রয়টার্স
