ভিক্টোরিয়ার বিদায়ী কোচ ডেভিড সাকারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান স্পিন যাদুকর শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়া জাতীয় দলের স্থায়ী বোলিং কোচ হিসেবে গত সপ্তাহে নিয়োগ পেয়েছেন সাকার।
তার স্থানে সম্ভাব্য প্রার্থী হিসেবে ৪৬ বছর বয়সী ওয়ার্নের নামই জোরেশোরে শোনা যাচ্ছিল। কিন্তু ওয়ার্নের ম্যানেজার জেমস এরসকিন বিষয়টির সত্যতা স্বীকার করেননি। তিনি বলেছেন এই মুহূর্তে এই ধরনের কোন সিদ্ধান্ত ওয়ার্ন নেননি। পুরো বিষয়টি গুজব। চ্যানেল নাইনের সাথে ধারাভাষ্যকার হিসেবে দুই বছরের চুক্তিতে রয়েছেন ওয়ার্ন। এই দায়িত্ব শেষ হলে হয়তবা কিছু চিন্তা করা যেতে পারে।
সাকারের উত্তরসূরি খোজার লক্ষ্যে ভিক্টোরিয়ার অপরারেশন্স ম্যানেজার শন গ্রাফ চলতি সপ্তাহের পুরোটাই ইংল্যান্ডে কাটিয়েছেন। বর্তমানে ইংলিশ কাউন্টি লেস্টারশায়ারের দায়িত্বে থাকা ভিক্টোরিয়ার সাবেক অল-রাউন্ডার এন্ড্রু ম্যাকডোনাল্ড ও সাবেক টেস্ট ওপেনার ক্রিস রজার্স এই তালিকায় এগিয়ে রয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়াও আরো আছেন সাবেক ভিক্টোরিয়ান ড্যারেন বেরি, ম্যাথু মট, তাসমানিয়ার সাবেক কোচ টিম কোয়লে।
ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী টনি ডোডমেইড জানিয়েছেন সম্ভাব্য আবেদনকারীর তালিকা নিয়েই গ্রাফ ইংল্যান্ড থেকে ফিরছেন। সেই তালিকা ছাড়াও অস্ট্রেলিয়ার মধ্যেও কোচের সন্ধানে রয়েছে ভিক্টোরিয়া। ক্রিকবাজ।
