বুড়িগঙ্গায় কিশোর-কিশোরীর ভাসমান লাশ উদ্ধার

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৯:০৪
 
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে দুই কিশোর-কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে কামরাঙ্গীচর সাইনবোর্ড ঘাট এলাকা ও পোস্তগোলা সেনানিবাস সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
 
তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. ইলিয়াস মিয়া বলেন, দুপুরে স্থানীয়রা সাইনবোর্ড ঘাট এলাকায় বুড়িগঙ্গায় এক কিশোরীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। নীল রঙের কামিজ ও সাদা সালোয়ার পরা ওই কিশোরীর (১৭) গলায় তোয়ালে পেঁচানো ছিল বলে জানান তিনি। কয়েকদিন আগে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হতে পারে বলে ধারণা করছেন এসআই ইলিয়াস।
 

এদিকে কেরানীগঞ্জ দক্ষিণ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই এসআই মো. সামসুল আলম সামসুল বলেন, স্থানীয়রা দুপুরে পোস্তগোলা সেনানিবাসের সামনের বুড়িগঙ্গায় ওই কিশোরের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। কালো জিন্স প্যান্ট ও সাদাকালো চেক টি-শার্ট পরা ওই কিশোরের (১৬) লাশ গলে যাওয়ায় আঘাতের চিহ্ন আছে কি না শনাক্ত করা যায়নি।