সংবাদ সংক্ষেপ

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:১৩

আমড়াখালী চেকপোস্টে ২০টি সোনার বারসহ পাচারকারী আটক

বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্ট থেকে বুধবার সন্ধ্যায় ২০টি সোনার বারসহ জিকরুল আলম (৪৫) নামে এক পাচারকারীকে কে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি দল। আটক জিকরুল নড়াইল জেলার লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কোম্পানি সদরের আওতাধীন আমড়াখালী চেকপোস্টের নায়েক মো. নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ঢাকা হতে বেনাপোলগামী দেশ ট্রাভেলস্ এর একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ২০টি সোনার বারসহ জিকরুল আলম নামে একজন আসামিকে আটক করা হয়। জব্দকৃত সোনার দাম এক কোটি ১৪ লাখ চল্লিশ হাজার টাকা। জব্দকৃত সোনাসহ আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

উপকূল সাংবাদিকতা বিষয়ক মতবিনিময় সভা

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে সংবাদের ইস্যু, সাংবাদিকদের পেশাগত ঝুঁকি, সমস্যা ও সম্ভাবনাসমূহ চিহ্নিত করার লক্ষ্যে বুধবার মতবনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী প্রেস ক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে অনুষ্ঠিত মতবনিময় সভায় অতিথি ছিলেন কোস্টাল জার্নালিস্ট নেটওয়ার্কের প্রধান সমন্বয়ক সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। সাংবাদিক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুপ্র’র জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আলম মাসুদ, সাংবাদিক মাহমুদুল হক ফয়েজ, জামাল হোসেন বিষাদ, বিকাশ সরকার, আকবর হোসেন সোহাগ, মো. হানিফ, নাছির উদ্দিন বাদল, মিজানুর রহমান, মোতাসিম বিল্লাহ সবুজ, সুমন ভৌমিক, আবদুল রহিম প্রমুখ।

 সুন্দরগঞ্জে সুমি হত্যাকারীর ফাঁসি দাবি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলায় ট্রাক টাপায় পিষ্ঠ হয়ে ৮ম শ্রেণির ছাত্রী সুমি আক্তারের হত্যার বিচারসহ ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ- বামনডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে ছাইতানতলা বাজার নামক স্থানে মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে একাতত্বা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সলেমান আলী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কংকন সরকার, সুরোজিত, হাসান খোকন, সৈয়দ বসির আনঞ্জুম, জসিম উদ্দিন, শামীম মিয়া, মশিউর রহমান, শাহিদুল ইসলাম প্রমুখ। বক্তাগণ অবিলম্বে ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য গত বুধবার সকালে রামভদ্র গ্রামের আব্দুল গনির ৮ম শ্রেণি পড়ুয়া ছাত্রীর সুমি আক্তার প্রাইভেট পড়তে যাবার পথে সুন্দরগঞ্জ- বামনডাঙ্গা সড়কে সাকা মারা ব্রিজের পৌঁছলে ট্রাকের চাকা পিষে দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

কাউখালীতে জেপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী

শাহ আলম নসুর গণসংযোগ ও উঠান বৈঠক

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার জাতীয় পার্টি জেপি মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. শাহ আলম নসুর পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে কাউখালীর আমরাজুড়ি ইউনিয়নের রোঙ্গাকাঠি, গন্ধর্বসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বেঠক অনুষ্ঠিত হয়। প্রার্থী ছাড়াও স্থানীয় প্রবীণ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সভায় বক্তারা চতুর্থ ধাপে অনুষ্ঠেয় আগামী ৩১ মার্চ কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে জেপি মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আলম নসুকে বাইসাইকেল মার্কায় ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করার আহ্বান জানান।

নেত্রকোনায় শিশু ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় শিশুকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করা হয়েছে। সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বাশাটী গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় সাহেব আলী(৩২) নামে এক লম্পট চার বছরের এক শিশুকে ধর্ষণ করে। এর প্রতিবাদে এবং ধর্ষক সাহেব আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিশু সংগঠন শিশুছায়া এবং ছাত্র ইউনিয়নের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানবন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন শিশু ছায়ার উপদেষ্টা সাংবাদিক আলপনা বেগম, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, ছাত্র ইউনিয়ন সভাপতি মিঠুন শর্মা প্রমুখ।

ফরিদপুরে ওষুধের দোকানসহ

সাতটি দোকান ভস্মীভূত

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা গত ২০ মার্চ রাত প্রায় ১১টায় উপজেলার বেড়হাউলিয়া বাজারে অগ্নিকাণ্ডে তিনটি ওষুধের দোকানসহ সাতটি দোকান পুড়ে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টায় মশার কয়েলের আগুন লেগে সাতটি দোকানের মালামাল পুড়ে ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত দোকানদাররা হলেন, রাজদুল হোসেন, মিলন হোসেন, ডা. হায়দার আলী, ডা. মোজাহার আলী, ডা. আইউব আলী, আব্দুস সবুর, শফিকুল ইসলাম। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফরিদপুর ও চাটমোহরের ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

০