টপঅর্ডারে বড় ইনিংস চায় আবাহনী

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:১৪

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অপ্রতিরোধ্য গতিতেই ছুটছে আবাহনী ক্রীড়াচক্র। সন্দেহাতীতভাবে লিগের সবচেয়ে শক্তিশালী দলটা আবাহনী। জাতীয় দলের তারকা ক্রিকেটারে ভরপুর গত আসরের চ্যাম্পিয়নরা। চার রাউন্ড শেষে সবকটি ম্যাচ জিতে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী।

তবে লিগে এখনও বড় স্কোর গড়তে পারছে না ক্লাবটি। সর্বোচ্চ ২৮৫ রান করেছিল তারা দ্বিতীয় রাউন্ডে। যেখানে অনেক দলই তিনশোর বেশি স্কোর গড়েছে। আজ শুরু হতে চলা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ড থেকে দল হিসেবে বড় স্কোর গড়তে চায় আবাহনী। নিজেদের ব্যাটিং সামর্থ্যটাও তুলে ধরতে চায়। সেজন্য টপঅর্ডারে বড় ইনিংস চাইছেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন। শক্তিমত্তা অনুযায়ী এবার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার আশাও করছেন তিনি।

গতকাল বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে তারকা খচিত আবাহনী দলের কোচ সুজন বলেছেন, ‘বড় রান হচ্ছে না। টপঅর্ডার থেকে লম্বা রান হচ্ছে না। শেষ ম্যাচে ওয়াসিমের ৭৪, অমি (জহুরুল) এক ম্যাচে একশ করল। টপঅর্ডারে একশটা খুব প্রয়োজন। উপরে কেউ যদি বড় ইনিংস খেলে তাহলে সহজ হয়ে যায় আমাদের মিডল অর্ডারের জন্য। কারণ আমাদের মিডল অর্ডার অনেক শক্তিশালী। মোসাদ্দেক, মিঠুন ও সাব্বির আছে। তিনজনই দারুণ প্লেয়ার। তো টপঅর্ডার থেকে যদি রান হয় তাহলে সবার জন্য সহজ হয়ে যাবে।’

দলটার সামর্থ্যের সেরাটা পঞ্চম রাউন্ড থেকে দেখা যাবে বলে মনে করেন সুজন। সৌম্য, নাজমুল হোসেন শান্তরা বড় ইনিংস খেলবেন বলেই আশা করছেন তিনি। গতকাল বলেছেন, ‘উপরদিকে রান হচ্ছে, কিন্তু আশানুরূপ হয়নি। যেই রকম প্লেয়ার আছে, সৌম্য আছে, ওয়াসিম জাফর, অমি, শান্ত, এরা সবাই বড় রান করার প্লেয়ার।’

নিজের কোচিং ক্যারিয়ারে এর চেয়ে ভালো দলের সঙ্গে কাজ করেননি সুজন। তাই এবার সব ম্যাচ জিতেই লিগ শিরোপা ঘরে তুলতে চান তিনি। আবাহনীর কোচ বলেছেন, ‘অবশ্যই অনেক চান্স আছে (অপরাজিত চ্যাম্পিয়ন)। টিম তো ভালো। ক্রিকেট ফানি গেইম। একটা খারাপ দিন যখন-তখন হতে পারে। তবে তারপরও আমাদের যেই টিম, আমি মনেকরি আমাদের সব ম্যাচ যেতা উচিত। আমাদের সবচেয়ে শক্তিশালী দল, ঢাকা প্রিমিয়ার লিগে এমন শক্ত টিমের সাথে কাজ করছি বলে মনে হয় না।’

এক ঝাঁক তারকা ক্রিকেটার দলে রয়েছে বলেই কিনা একাদশ গঠনেও মধুর সমস্যায় পড়তে হয় সুজনকে। এখনও দলের সঙ্গে যোগ দেননি মেহেদী হাসান মিরাজ। কয়েকদিনের মধ্যেই ছুটি কাটিয়ে ফিরবেন তিনি।

আজ পঞ্চম রাউন্ডের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিরুদ্ধে মাঠে নামবে আবাহনী। প্রিমিয়ার লিগে চার ম্যাচে তিনটি করে ম্যাচ জিতেছে প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, মোহামেডান ও রুপগঞ্জ। প্রাইম ব্যাংকের বিরুদ্ধে আজ ভালো লড়াইয়ের আশা করছেন আবাহনীর কোচ। সুজন বলেছেন, ‘যাদের সাথে খেলব তারাও অনেক শক্ত দল, অনেক ছন্দে আছে, ভালো ক্রিকেট খেলছে। ভালো একটা খেলা আশা করছি।’

আজ লিগের অপর দুটি ম্যাচে বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিজেন্ডস অব রুপগঞ্জ খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে। আজ সবগুলো ম্যাচই শুরু হবে সকাল নয়টায়।