ইনজুরি ভড়কে দিয়েছিল সাইফউদ্দিনকে

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:২১

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ দলের বিশ্বকাপের সম্ভাব্য সমীকরণে ভালোভাবেই রয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্বকাপের বাকি আর মাস দুয়েক। এই সময়ে যে কোনো ইনজুরিই বড় চিন্তার কারণ। যা স্বপ্নভঙের ভয় তৈরি করে ক্রিকেটারদের মনে। আর সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপে দেশের হয়ে খেলতে। বিশ্বকাপকে পাখির চোখ করেই দিন কাটছে জাতীয় দলের ক্রিকেটারদের।

গত ১৮ মার্চ নেটে ব্যাটিং অনুশীলনের সময় পিঠের ইনজুরিতে পড়ে গিয়েছিলেন সাইফউদ্দিন। যে ইনজুরি ভয় ধরিয়ে দিয়েছিল তার মনে। বড় কিছুর আশঙ্কায় এমআরআইও করিয়েছেন। রিপোর্টে নেতিবাচক কিছু আসেনি। হাঁপ ছেড়ে বেঁচেছেন এই তরুণ অলরাউন্ডার। আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে পরের ম্যাচ খেলতে প্রস্তুত এখন সাইফউদ্দিন। আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিরুদ্ধে ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি।

গতকাল অনুশীলন শেষে বিসিবি একাডেমি মাঠে নিজের ইনজুরি নিয়ে এই অলরাউন্ডার বলেছেন, ‘যদিও অপ্রত্যাশিত ছিল। আমার বিশ্রামে থাকার কথা ছিল। স্যার (খালেদ মাহমুদ সুজন) বললো ব্যাটিং করতে। উইকেট একটু ভেজা ছিল। যার কারণে ভারসাম্য হারিয়ে একটু ব্যথা পেয়েছিলাম। আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি।’

পিঠের ব্যথা ভয় ধরিয়ে দিয়েছিল সাইফউদ্দিনের মনে। গতকাল তিনি বলেছেন, ‘ওইটা নিয়ে একটু ভয়ে ছিলাম (এমআরআই)। আল্লাহর রহমতে পজেটিভ আসছে। ভয় (ইনজুরি) পাওয়াটাই স্বাভাবিক। সামনে বিশ্বকাপ, সবার স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। পাশাপাশি সব ম্যাচই গুরুত্বপূর্ণ। এখানে ভালো করলে আত্মবিশ্বাস বাড়বে। এখন ছন্দে আছি, এই জন্য ম্যাচগুলো মিস করতে চাই না।’

গতকাল জিমে কাজ করেছেন। ফিজিও, চিত্সিকদের কাছেও বেশ কিছু পরীক্ষা দিয়েছেন। সাইফউদ্দিন এখন ম্যাচ খেলার জন্য ফিট। এই তরুণ ক্রিকেটার বলেছেন, ‘জিমে কাজ করেছি। দেবাশিষ দা (বিসিবির চিকিত্সক) অনেক পরীক্ষা নিয়েছিল। রানিং, ফিটনেস সব কিছুই পজেটিভ। টিম ম্যানেজমেন্ট জানবে কবে খেলতে পারব। আমি ফিট আছি খেলার জন্য।’

আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনও জানিয়েছেন, সাইফউদ্দিনের অবস্থা এখন ভালো। আর সমস্যা নেই। এখন খেলার মতো অবস্থায় আছেন এই তরুণ। বিশ্বকাপের প্রেক্ষাপটেও সাইফউদ্দিন অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার বলে মনে করেন সুজন।

গতকাল তিনি বলেছেন, ‘অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। সাইফউদ্দিন নিজেকে গড়ে তুলছে। ভালো খেলছে, ভালো ব্যাট করছে। আমি মনে করি সে লম্বা দৌড়ের ঘোড়া। সে অনেক বছর খেলবে যদি ফিটনেস ঠিক থাকে।’