দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি আগামী ২৩ জুলাই শনিবার বিকেল ৩টায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, সিনিয়র শিক্ষক এবং শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সাথে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক মতবিনিময় করবে।
বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি কার্যক্রম নির্মূলে কার্যকরী পন্থা খুঁজে বের করার উপর সভায় আলোচনা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা বলা হয়।
গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সম্প্রতি জঙ্গি হামলায় কিছু শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীর সম্পৃক্ততার অভিযোগের প্রেক্ষিতে এই সভার আয়োজন করা হয়েছে।
