উইলিয়ামসন নিউজিল্যান্ড সেরা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:২২

স্পোর্টস ডেস্ক

কেন উইলিয়ামসন ও এমেলিয়া কার নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের বড় পুরস্কার দুটি জিতেছেন। গতকাল বৃহস্পতিবার অকল্যান্ডে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে তিনটি করে পুরস্কার জেতেন উভয় খেলোয়াড়।

ক্রাইস্টচার্চে গত সপ্তাহে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলায় মসজিদে নিহত ৫০ জন মুসল্লিকে শ্রদ্ধা জানিয়ে ভাবগম্ভীর পরিবেশে শুরু হয় অনুষ্ঠানটি। ক্রাইস্টচার্চের হত্যাযজ্ঞের সময় বাংলাদেশের ক্রিকেটাররা অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পান। বাতিল হয় নিউজিল্যান্ড ও বাংলাদেশের তৃতীয় টেস্টটিও।  

উইলিয়ামসন বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের জন্য রাখা স্যার রিচার্ড হ্যাডলি পুরস্কার জিতেছেন। চার বছরের মধ্যে এ নিয়ে তিনবার পুরস্কারটি জিতলেন উইলিয়ামসন। তিনি এর আগে ২০১৬ ও ২০১৭ সালে পুরস্কারটি জিতেছিলেন। স্যার হ্যাডলি কাল নিজে তার হাতে এ পুরস্কার তুলে দেন। টেস্টে ৮৯ গড়ে ৮০১ রান করার জন্য সেরা টেস্ট খেলোয়াড়ও হন তিনি। এছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে নৈপুণ্যের জন্য পান রেডপাথ কাপ।

নিউজিল্যান্ড ক্রিকেটের তিন ঘরানার দায়িত্বে থাকা উইলিয়ামসন পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সিরিজ জয়ে নেতৃত্ব দেন। এরই সুবাদে নিউজিল্যান্ড উঠে আসে টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে। বাংলাদেশের বিরুদ্ধে হ্যামিলটনে অপরাজিত ২০০ রানের সুবাদে তিনিই হন ২০টি টেস্ট সেঞ্চুরি করার প্রথম নিউজিল্যান্ডবাসী।

এমেলিয়া নারী ক্রিকেটে সেরা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন। বিবেচ্য সময়ে তিনি ৫৯ গড়ে ৪১৫ রান করেন। এর মধ্যে আছে গত জুনে ডাবলিনে স্বাগতিক আয়ারল্যান্ডের বিরুদ্ধে করা বিশ্ব রেকর্ড অপরাজিত ২৩২ রান। ওই ম্যাচটিতে ১৭ রান দিয়ে পাঁচ উইকেটও নিয়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে সেরা বোলিংয়ের জন্যও পুরস্কার পেয়েছেন মাত্র ১৮ বছর বয়সী মেলিয়া। এর সঙ্গে আছে মাধ্যমিক স্কুল পর্যায়ের বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারটিও।

টি-টোয়েন্টিতে সেরা হন সোফি ডিভাইন।

রস টেইলর ৭৫৯ রান করে হন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়। অপরদিকে ট্রেন্ট বোল্ট ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫ উইকেট দখল করে পান রেড বল পুরস্কার। পুরুষদের টি-২০ ক্রিকেটে সেরা খেলোয়াড় হয়েছেন কলিন মুনরো।

এদিকে নিউজিল্যান্ড ক্রিকেটে সম্প্রতি অবসর নেওয়া পাঁচজন ক্রিকেটারকেও বিদায়ী সংবর্ধনা দিয়েছে। এরা হলেন লিজ পেরি, মিশেল পাপস, ব্রেন্ট আরনেল, লুক উডকুক ও লুচি ডুলান।