লর্ডসে ঐতিহাসিক জয় নেপালের

আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৮:৩৪
ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে প্রথমবারের মত খেলতে নেমে ঐতিহাসিক জয়ের স্বাদ পেলো নেপাল দল। দুই দেশের মধ্যে সীমিত ওভারের একটি প্রীতি ম্যাচে মেরিলবোন ক্রিকেট ক্লাবকে (এমসিসি) ৪১ রানে হারিয়েছে নেপাল।
 
ব্রিটেন ও নেপালের মধ্যে বন্ধুত্বের দু’শ বছর পূর্তিতে আয়োজন করা হয় প্রীতি ম্যাচটি। এ ম্যাচ থেকে আয় হওয়া সকল অর্থ দেয়া হবে গত বছর নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে।
 
লর্ডসের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নেপাল। দলের ব্যাটসম্যানরা কেউই বড় স্কোর গড়তে পারেননি। ফলে ৮ উইকেটে ২১৭ রানের পুঁজি পায় তারা। দলের পক্ষে জ্ঞানেন্দ্র মাল্লা ৩৯ ও অধিনায়ক পরস খাদকা ৩০ রান করেন।
 
জবাবে নিজেদের ইনিংসের শুরু থেকেই নেপালের বোলারদের তোপে পড়ে এমসিসি। নিয়মিত উইকেট পড়তে থাকলে ১৭৬ রানেই গুটিয়ে যায় এমসিসি। ফলে রোমাঞ্চকর এক জয়ের স্বাক্ষী হয় নেপাল।
 
ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে ম্যাচ জিতে দারুণ খুশি নেপালের অধিনায়ক পরস। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ছেলেরা খুবই রোমাঞ্চিত। তবে কিছুটা নাভার্সও ছিলো। লর্ডসে তো আর প্রতিদিন খেলা যায় না। তবে আমার মনে হয় দল ভালোই করেছে। সবাই কিছু না কিছু করেছে। ব্যাটিং-এ ২০-৩০ রান কম হলেও, বোলাররা তা পুষিয়ে দিয়েছে। তবে সবচেয়ে বড় কথা হলো আমরা জয় পেয়েছি।’ ক্রিকইনফো