স্পেন জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন জুলেন লোপেতেগুই। বৃহস্পতিবার তাকে নিয়োগ করার কথা জানায় দেশটির ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ ও ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী ভিসেন্ত দেল বস্কের স্থলাভিষিক্ত হলেন পোর্তোর সাবেক বস লোপেতেগুই।
স্পনিশ ফুটবল ফেডারেশনের নিজস্ব ওয়েবসাইটে সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জাতীয় দলের কোচ হিসেবে জুলেন লোপেতগুও নাম ঘোষণা করছে।’
খেলোয়াড়ী জীবনে অসাধারণ সাফল্য পাওয়া সাবেক এ গোলরক্ষক ২০০২ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। অবসর নেয়া আগে সর্বশেষ স্পেনের দ্বিতীয় সারির দল রায়ো ভালেকানোর হয়ে খেলেছেন তিনি। তবে একই দলের কোচের দায়িত্বও পালন করেছেন লোপেতেগু।
এরপর রিয়াল মাদ্রিদ ক্লাবের রিজার্ভ দল ক্যাস্টিলারও কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া স্পেনের জাতীয় অনূর্ধ্ব-১৯, ২০ এবং ২১ দলের কোচ হিসেবেও কাজ করেছেন ৪৯ বছর বয়সী লোপেতেগু।
এরপর চলতি বছর জানুয়ারী মাস পর্যন্ত তিনি এফসি পোর্তোর কোচ হিসেবে কাজ করেন। তবে দল ভাল করতে না পারায় তাকে বরখাস্ত করা হয়।
ফ্রান্সে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত ইউরো ২০১৬ ফুটবলে শেষ ১৬তে পরাজিত হয়ে স্পেনের বিদায়ের পর দেল বস্ক সরে দাঁড়ালে কোচের পদটি খালি হয়।
