গেল জানুয়ারিতে ডান পায়ের মেটাটার্সাল হাড়ে চোট নিয়ে মাঠের বাইরে চলে যান নেইমার। সেটি সারিয়ে এখনো মাঠে ফেরেননি তিনি। খেলা হচ্ছে না পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচেও। তার এই শূন্যতা নিশ্চিতভাবেই অনুভব করবে ব্রাজিল, বিশ্বাস তার জাতীয় দলের সতীর্থ রিচার্লিসনের। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা দারুণভাবেই নেইমারের শূন্যতা অনুভব করছি। সে অসাধারণ একজন খেলোয়াড়। নেইমার কঠিন ম্যাচগুলোকেও সহজ করে দেয়।’ তবে এভারটন স্ট্রাইকার জানালেন সে শূন্যতা পূরণে সক্ষম হবে তার দল। তিনি বলেন, ‘কিন্তু আমি তৈরি। দলের সবাই নিজের দায়িত্ব সম্পর্কে জানে। আমি মনে করি যদি আমি খেলি তবে আমি জাতীয় দলকে জেতাতে নিজের সেরাটা দিতে পারবো।’
