মেক্সিকোয় স্ত্রী ও দুই সন্তানের সামনে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির অপরাধ প্রবণ পূর্বাঞ্চলে তার বাড়ির বাইরেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এখানে ২০১০ সাল থেকে আরো ১৮ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।
৪৫ বছর বয়সী পেদ্রো তামায়ো রোসাস ভেরাক্রুজ অঙ্গরাজ্যে দুটি অনলাইন দৈনিকে অপরাধ সংক্রান্ত বিট করতেন।
আইনজীবীরা জানান, তিয়েরা ব্লান্সা শহরে বুধবার দিবাগত রাতে পেদ্রোকে হত্যা করা হয়।
ভেরাক্রুজের আইনজীবীদের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে- দুইজন হামলাকারী তামায়ো অভিনন্দন জানানোর ভান করে তার বাড়িতে আসে।
তার পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি তার স্ত্রী ও প্রাপ্ত বয়স্ক দুই ছেলেকে সহায়তার জন্য বাড়ির বাইরে বেরিয়ে এলে তাকে হত্যা করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে একটি গাড়িতে করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তামায়োকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, কর্তৃপক্ষ তদন্তে কর্মকর্তারা তার সাংবাদিকতা সংক্রান্ত কর্মকান্ডসহ সবকিছু খতিয়ে দেখছেন।
তামায়ো এল পিনেরো ডি লা জুয়েন্সা ও আল কালোর পোলিটিসোতে কাজ করতেন। -বাসস
