সন্ত্রাসবাদ দমনে সরকার দৃঢ় প্রত্যয়ী: শাহরিয়ার

আপডেট : ২২ জুলাই ২০১৬, ২২:০৮
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নয়াদিল্লীতে এক অনুষ্ঠানে বলেছেন, 'সন্ত্রাসবাদ দমনে বর্তমান সরকার দৃঢ় প্রত্যয়ী ।' তিনি বিমস্টেক বিজনেস ফোরামের ৭ম সভায় যোগ দেয়ার জন্যে ২০ জুলাই দিল্লি সফরে আসেন।
 
প্রতিমন্ত্রী গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বিমস্টেক বিজিনেস ফোরামের ৭ম সভার উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে এ্যাসোস্যম-এর সভাপতি সুনীল কানোরিয়া স্বাগত ভাষণ দেন এবং অন্যান্যের মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) প্রীতি সারণ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমস্টেক-এর মহাসচিব সুনীত নাকানদালা, এ্যাসোস্যম-এর মহাসচিব ডি, এস, রাওয়াট উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং বিমস্টেক-এর সদস্য দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
প্রতিমন্ত্রী তার বক্তব্যে যোগাযোগ, জ্বালানি এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, যে কোনও সন্ত্রাস এবং উগ্রবাদ দমনে বাংলাদেশ প্রতিবেশী দেশ সমূহ, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ও বিমস্টেক-এর মত আন্তর্জাতিক সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
 
পরে প্রতিমন্ত্রী নবনিযুক্ত ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সাথে পৃথক বৈঠক করেন। বৈঠকে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
 
উল্লেখ্য, বিমস্টেক একটি আন্তর্জাতিক সংস্থা। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, ভুটান, নেপাল, মায়ানমার এবং থাইল্যান্ড বিমস্টেক-এর সদস্য রাষ্ট্র।