‘বিট ডিফেন্ডার’ অ্যান্টিভাইরাস এখন দেশে পাওয়া যাবে

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:৩১

রোমানিয়ার নেতৃত্বস্থানীয় অ্যান্টিভাইরাস ও বিশ্বের অন্যতম সাইবার সিকিউরিটি ব্র্যান্ড ‘বিটডিফেন্ডার’ বাংলাদেশে তাদের একমাত্র পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে দেশের অন্যতম বৃহত্ তথ্যপ্রযুক্তি পণ্য পরিবেশক কোম্পানি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লি.-কে। তারই পরিপ্রেক্ষিতে রোমানিয়ার প্রধান অফিস থেকে বাংলাদেশ পরিদর্শনে আসেন ‘বিটডিফেন্ডার’ এর আন্তর্জাতিক প্রতিনিধি ‘মাচেক ডিজিউবেক’ (বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর এবং রিজিওনাল ডিরেক্টর এপেক) ও ‘ভিউরেল ডিউমিতরেসকিউ’ (বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এপেক) এবং আলেকজান্দ্রা সুলু নাখত (সেলস ইঞ্জিনিয়ার)। তারা গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লি.-এর চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার এবং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার-এর সাথে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিং করেন এবং বাংলাদেশে সাইবার সিকিউরিটির কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে জানান।

দীর্ঘ ১৭ বছর ধরে বিশ্বের ৫০ কোটি প্রযুক্তিপ্রেমীদের আস্থা অর্জন করে শীর্ষস্থান ধরে রেখেছে বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিট ডিফেন্ডার ১ নম্বর অ্যান্টিভাইরাস হিসেবে গ্রহণযোগ্যতা পাবে বলে আশা করছেন বিট ডিফেন্ডার-এর আন্তর্জাতিক প্রতিনিধিগণ।

শীঘ্রই সারাদেশে বাজারজাত করা হবে বিট ডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটির ১ ইউজার এবং ৩ ইউজার। এর পাশাপাশি ছোট, মাঝারী ও বৃহত্ কর্পোরেট সল্যুশনের জন্য বিভিন্ন চাহিদা অনুযায়ী বিট ডিফেন্ডার এন্ডপয়েন্ট সিকিউরিটিও পাওয়া যাবে বলে জানিয়েছেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।