'প্রতিহিংসা চরিতার্থ করতে তারেক রহমানকে সাজা দিয়েছে'

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৪:১৬
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'প্রতিহিংসা চরিতার্থ করতে সরকার তারেক রহমানকে সাজা দিয়েছে।' শনিবার সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।                                               
রুহুল কবির রিজভী বলেন, উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী নিয়ে সরকারের রহস্যজনক আচরণে মানুষের মনে যে তীব্র সন্দেহ ও প্রশ্ন জন্ম নিয়েছে সেটিকে ঢেকে দিতেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস পাওয়ার পরও সাজা দেয়া হয়েছে।
 
তিনি আরো বলেন, তারেক রহমানকে এই সাজা দেয়া সরকারের অন্ধহিংসার বহিঃপ্রকাশ। বাংলাদেশ থেকে গণতন্ত্রকে পরকালে পাঠিয়ে একদলীয় দুঃশাসন বজায় রাখতে গিয়ে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে সরকার নিজেদের লোকজন বসিয়ে গায়ের জোরে দেশের সমগ্র জনগণকে জিম্মি করে রাখা হয়েছে। জনগণের ওপর সরকারের কোনো প্রভাব নেই বলেই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এখন আওয়ামী ক্যাডারদের দ্বারা পরিচালিত। কারণ এদেশে হাজার হাজার মিথ্যা মামলা দায়ের হয় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মী কারাগারে দুঃসহ জীবনযাপন করতে হয়। 
 
আর প্রকাশ্য দিবালোকে যারা ক্রসফায়ারে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করছে, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলরসহ জনপ্রতিনিধিদেরকে প্রকাশ্য দিবালোকে হত্যা করার পরেও শুধুমাত্র শাসকদলের ক্যাডার হওয়ার কারনে নিঃশর্ত রাষ্ট্রীয় ক্ষমা পেয়ে যায়। সুতরাং কারা প্রভাব বিস্তার করতে পারে সেটি এখন দেশ-বিদেশের সবাই জেনে গেছে।