মিউনিখ হামলা: ঘটনাস্থলের ভিডিও আপলোডের আহ্বান জানালো পুলিশ

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৬:০০
জার্মানির মিউনিখে শপিং মলে হামলার ভিডিও, ফটো কিংবা অডিও শেয়ার করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। শুক্রবারের এই হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১৬ জন।
 
হামলাকারী এক ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক। একাই হামলা চালিয়ে নিজে আত্মহত্যা করেছে হামলাকারী। হামলার উদ্দেশ্য এখনো খুঁজে পায়নি জার্মান পুলিশ। সর্বশেষ আটদিনে ফ্রান্সের নিসে ও জার্মানির উর্জবার্গের ট্রেনের পরে  ইউরোপে এটি তৃতীয় হামলা।
 
এই হামলার তদন্তের সহায়তার জন্য মিউনিখের পুলিশ তাদের ওয়েবসাইটে হামলার সময়ের ভিডিও, ছবি কিংবা অডিও আপলোডের বিশেষ ব্যবস্থা রেখেছে। সেখানে লেখা বার্তায় জনগণের কাছে আহ্বান জানিয়ে বলা হয়েছে, দ্রুত ও সর্বাঙ্গীণ তদন্তের জন্য পুলিশের আপনাদের সক্রিয় সহায়তা প্রয়োজন।
 
যদি আপনার কাছে ঘটনার ফটো/ ভিডিও কিংবা অডিও রেকর্ডিং থাকে অলিম্পিয়া শপিং সেন্টারে হামলার সময়ের তাহলে আপনাদের আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব সেগুলো এখানে আপলোড করুন। যদি এখানে আপলোড সম্ভব না হয় তাহলে আপনার সবচেয়ে কাছের পুলিশ স্টেশনে যোগাযোগ করুন। বিবিসি।