নদীতে ভেসে আসা হাতি ফিরিয়ে নিতে সুষমার কাছে আহ্বান

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৭:১৮
আসাম থেকে ব্রহ্মপূত্র নদীতে ভেসে বাংলাদেশে চলে আসা হাতি ফিরিয়ে নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আহ্বান জানিয়েছে প্রাণী সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক এনজিও হিউম্যান ইন্টারন্যাশনাল। সুষমা স্বরাজকে এই প্রাণীটি উদ্ধারকর্মীদের প্রয়োজনীয় পারমিট যোগাড় করে দিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।
 
গত জুন মাসের ২৭ তারিখে খবর আসে যে একটি বন্য মাদী হাতি তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে ভেসে বাংলাদেশে চলে এসেছে। ভারতের আসাম থেকে যমুনা নদী দিয়ে ভেসে আসা এই বন্য হাতিটি এখন রয়েছে বগুড়া জেলার সারিয়াকান্দিতে চর হরিরামপুরে। ভারত থেকে নদীপথে প্রায় ২০০ কিলোমিটার ভাসতে ভাসতে ব্রহ্মপুত্র ও যমুনা নদী সাঁতরে হাতিটি এখন যমুনার চরে ঘুরে বেড়াচ্ছে।
 
IMG0
 
সুষমা স্বরাজের কাছে লেখা চিঠিতে বলা হয়, আমরা আত্মবিশ্বাসী আপনি এতে যুক্ত হলে এই হাতিটিকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা যাবে। হাতিটিকে জরুরি ভিত্তিতে উদ্ধার করা প্রয়োজন বলে উল্লেখ করে বলা হয়, হাতিটি খাদ্যের অভাবে দুর্বল হয়ে পড়েছে। তাই যতো দ্রুত সম্ভব এটিকে উদ্ধার করতে হবে। এনডিটিভি।