ঝিকরগাছা গাজীরদরগাঁ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির আবাসিক ছাত্র মেহেদী হাসান ওরফে হুসাইন জীম (১৫) গত সাড়ে ৩ মাস ধরে নিখোঁজ রয়েছে।
মেহেদী শার্শা উপজেলার শ্যামলাগাছী গ্রামের আওরঙ্গজেবের ছেলে। এ ঘটনায় মেহেদী পিতা আওরঙ্গজেব গত ১২ এপ্রিল শার্শা থানায় একটি সাধারণ ডায়রি করেন।
মেহেদীর বাবা আওরঙ্গজেব জানান, ২০১৫ সালের ৭ এপ্রিল মাদ্রাসায় যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এক বছরের মধ্যে স্বজনদের সঙ্গে সে কোনো যোগাযোগ করেনি। চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে সে বাড়িতে ফিরে আসে। পরদিন দুপুরে চুল কাটাতে যাওয়ার কথা বলে আবার নিখোঁজ হয়।
মেহেদীর বাবা আরো জানান, তিন মাস আগে মেহেদী বাড়িতে ফিরলে তার আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। সাধু ভাষায় কথা বলছিল। কারো সঙ্গে তেমন কথা বলেনি। সন্দেহ হলে চিকিৎসকের কাছে নেয়ার চেষ্টা করেও তাকে ঘর থেকে বের করা যায়নি। পরদিন সকালে চুল কাটাতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর ফেরেনি।
মেহেদীর বাবা অভিযোগ করেন, গাজীরদরগাঁ মাদ্রাসা থেকেই আমার ছেলের মাথা বিগড়ে গেছে। ওই মাদরাসা থেকে আরো কয়েকজন ছাত্র নিখোঁজ হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
মাদ্রাসার অধ্যক্ষ বজলুর রহমান জানান, এ মাদ্রাসার যে ছাত্ররা নিখোঁজ হয়েছে, তারা বাড়িতে গিয়েই নিখোঁজ হয়েছে।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান সাধারণ জানান, বিষয়টি নিয়ে তারাও খোঁজ-খবর নিচ্ছেন।
