ইউল্যাবে সিনেমাস্কোপ শিক্ষার্থীদের ফিল্ম রিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২০:৫৮
বাংলাদেশি সিনেমার একাল-সেকাল নিয়ে ‘আওয়ার প্রাইড আওয়ার ফিউচার’ শীর্ষক ফিল্ম রিডিং প্রোগ্রামের আয়োজন করে চলচ্চিত্র শিক্ষানবিস কার্যক্রম সিনেমাস্কোপ।শনিবার ইউল্যাব (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শেষ হলো দুই দিনব্যাপী এই চলচ্চিত্র প্রদর্শনী।
 
প্রদর্শনীর প্রথমদিন শুক্রবার অন্বেষা প্রোডাকশনসের ব্যানারে নির্মিত বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের পর্যালোচনা ভিত্তিক প্রামাণ্যচিত্র ‘বাংলাদেশের চলচ্চিত্রের স্বরূপ সন্ধান’ প্রদর্শন করা হয়। মুহাম্মদ সাজ্জাদ হোসেন এবং আরাফাতুল কবির রিজভী পরিচালিত ৪ ঘন্টার প্রামাণ্যচিত্রে বাংলাদেশের কতিপয় চলচ্চিত্রকার এবং তাদের সিনেমা দর্শনের তুলনামূলক আলোচনার সমন্বয় ঘটানো হয়। চলচ্চিত্র ভাষার উপর গুরুত্ব দিয়ে প্রামাণ্যচিত্রটির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে বলে জানান নির্মাতা মুহাম্মদ সাজ্জাদ হোসেন।
আয়োজনের দ্বিতীয় দিন শনিবার চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ আহমেদ আবিদ নির্মিত মানব পাচার সম্পর্কিত প্রামাণ্যচিত্র ‘এবং স্বপ্নযাত্রী’ দেখানো হয়। প্রদর্শনী শেষে মানব পাচার এবং অভিবাসী সঙ্কট নিয়ে নির্মাতা বিস্তৃত আলোচনা করেন।
IMG0
পরবর্তীতে সিনেমাস্কোপের সাবেক শিক্ষানবিস শিক্ষার্থীদের প্রশংসিত এবং পুরস্কারজয়ী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনীতে আরিফ সনেটের চিত্রগ্রহণে নির্মিত ‘তিনি: যে দাগ মলিন প্রায়’, দিদারুল করিম পরিচালিত ‘পথে পথে’ প্রামাণ্যচিত্রদ্বয় প্রদর্শিত হয়। ফিকশন ফিল্মের ভিতরে সাদ্দাত হোসেনের ‘আইস ওয়াইড ওপেন’, জাহিদ গগনের ‘এ বুক বিহাইন্ড দ্য সুজ’ এবং জাহিন ফারুক আমিন পরিচালিত ‘নন এক্সিজটেন্স মন আমোর’ দেখানো হয়।
 
প্রদর্শনী শেষে সিনেমা কার্যক্রম নিয়ে নিজেদের ভবিষ্যত পরিকল্পনার কথা ব্যক্ত করেন চলচ্চিত্র নির্মাতারা। প্রদর্শনী সম্পর্কে সিনেমাস্কোপের প্রধান নির্বাহী মহিম আহমেদ নাইম বলেন,‘সিনেমাকে মূল উপজীব্য করে সিনেমাস্কোপের সকল কার্যক্রম। ইউল্যাবে পুরো সেমিস্টার জুড়েই চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রম করে থাকি আমরা।
 
আমাদের সাবেক শিক্ষানবিস শিক্ষার্থীদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো তারেক মাসুদ,ডেইলি স্টার অ্যাওয়ার্ড জিতেছে। এবারের প্রদর্শনীতে সেগুলো দেখিয়েছি আমরা। তাছাড়া বাংলাদেশের সিনেমা ইতিহাস জানতে এবং বুঝতে স্বরূপ সন্ধান প্রামাণ্যচিত্রটিও প্রদর্শন করা হলো।’