নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ছাতড়া গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। এখানে প্রতিদিনই লাখ লাখ টাকার লেনদেন হয়ে থাকে। ছাতড়ায় সপ্তাহে দুটি হাট বসে। এ হাটে প্রসিদ্ধ পোলাওর চাল (চিনি আতপ)সহ অন্যান্য দ্রব্য ক্রয়-বিক্রয় হয়ে থাকে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় ব্যবসায়ী বিশেষ করে ঢাকা থেকে বেপারিদের এই হাটে আগমন ঘটে। তাছাড়া এখানে একটি ফিলিং স্টেশনও রয়েছে। যার মাধ্যমে প্রতিদিন ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি বিক্রি হয়। এতে করে ব্যবসায়ীদের লাখ লাখ নগদ টাকা বহন করে দূরের ব্যাংকে গচ্ছিত রাখতে নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হতে হয়। এ অবস্থায়, ব্যাংকিং লেনদেনের সুবিধার জন্য ছাতড়ায় যে কোনো বাণিজ্যিক ব্যাংকের একটি শাখা স্থাপন একান্ত প্রয়োজন। জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
মো. ময়নুল ইসলাম
কাঞ্চন, চাঁন্দাস, মহাদেবপুর, নওগাঁ
