ঢাকা শহরের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে শিয়া মসজিদ হয়ে শ্যামলী সিনেমা হল পর্যন্ত লেগুনার ভাড়া ছিল ১০ টাকা এবং ঢাকা উদ্যান থেকে শ্যামলী হল ১২ টাকা। মধ্যবর্তী কোনো স্টপেজে নামলে ৫ টাকা। গত ১২ মার্চ থেকে হঠাত্ করেই ভাড়া মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে শিয়া মসজিদ হয়ে শ্যামলী সিনেমা হল পর্যন্ত ১৫ টাকা, শিয়া মসজিদ পর্যন্ত ৫ টাকার ভাড়া ৮ টাকা এবং ঢাকা উদ্যান থেকে শ্যামলী হল পর্যন্ত ১৫ টাকা করা হয়েছে। ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে লেগুনার চালক ও হেলপারের বক্তব্য—মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, শিয়া মসজিদ, ঢাকা উদ্যান এবং শ্যামলী—এই চার জায়গায় প্রতিদিন চাঁদা দিতে হয়। চাঁদা দিতে না চাইলে লেগুনার চাবি নিয়ে যাওয়া হয় এবং লেগুনা চালাতে দেয় না। লেগুনার চালকদের বেশিরভাগেরই ড্রাইভিং লাইসেন্স নেই, লেগুনারও লাইসেন্স নেই। তাই নিয়মিত চাঁদা দিয়ে তারা এই লেগুনা চালায়। সম্প্রতি চাঁদার পরিমাণ বেড়েছে। তাই তারাও ভাড়া বাড়িয়ে দিয়েছে। চাঁদাবাজি করে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে, এটা মেনে নেওয়া যায় না। সংশ্লিষ্ট মহলকে বিষয়টি খতিয়ে দেখে লেগুনার লাইসেন্সসংক্রান্ত অনিয়ম দূর করে ভাড়া ঠিক করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
মেজবাহউদ্দিন সুমন
শিয়া মসজিদ, ঢাকা
০
