ঢাকায় শুরু হলো ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা— নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এম.পি. গতকাল সকালে মেলার উদ্বোধন করেন। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ষোড়শবারের মতো এ মেলার আয়োজন করছে। দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ‘নভোএয়ার’ টাইটেল স্পন্সর হিসেবে সহায়তা প্রদান করছে। পার্টনার হিসেবে সহায়তা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এবারের পর্যটন মেলার পার্টনার কান্ট্রি হিসেবে যুক্ত হয়েছে নেপাল।  উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মনিটরের প্রধান সম্পাদক রকিব সিদ্দিকী, বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ধান বাহাদুর অলি, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বেসরকারি উদ্যোগের ফলে পর্যটন শিল্পে নিয়মিতভাবে বৈচিত্র্য আসছে। তিনি আশা করেন, এবারের ঢাকা ট্রাভেল মার্ট দেশের পর্যটন শিল্পে আরও গতির সঞ্চার করবে।

এবারের পর্যটন মেলায় বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার জাতীয় পর্যটন সংস্থাগুলো অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশসহ ৭টি দেশের ৪১টি প্রতিষ্ঠান ও সংস্থা ৫টি প্যাভিলিয়ন ও ৭০টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন পণ্য ও সেবা উপস্থাপন করছে। ২১-২৩ মার্চ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মেলা পরিদর্শন করা যাবে। প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ৩০ টাকা। প্রবেশ কুপনের ওপর মেলার শেষদিন সন্ধ্যায় গ্র্যান্ড র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।