রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করতে চান রোনালদো

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৫:০৫
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ক্লাবটির পর্তুগাল সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল থেকে স্পেনের রাজধানীতে ফিরেই ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। 
 
 
বর্তমান চুক্তি মোতাবেক ২০১৮ সালের জুন পর্যন্ত রিয়ালে থাকার কথা রয়েছে রোনালদোর। তবে মাদ্রিদে তিনি আরো দীর্ঘ সময় থেকে যাবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। ৩১ বছর বয়সী ফুটবল তারকা বলেন, আমি টেলিফোনের মাধ্যমে প্রেসিডেন্টের (ফ্লোরেন্টিনো পেরেজ) সঙ্গে কথা বলেছি। মাদ্রিদে যখন ফিরে আসব তখন এ বিষয়ে আমরা আলোচনা করব। আমি অবশ্যই নিজ থেকে এমন কিছু চাই। 
 
আগামী ৯ জুলাই উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৬-১৭ মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। তবে ট্রনডেইমের ওই ম্যাচে রোনালদোকে পাচ্ছেনা রিয়াল মাদ্রিদ। হাঁটুর ইনজুরিতে পড়া এই বিশ্বনন্দিত আক্রমণভাগের ফুটবল তারকার ছুটির মেয়াদ আরো বাড়িয়েছে ক্লাব কর্তৃপক্ষ। 
 
ইউরো ২০১৬ টুর্নামেন্টের ফাইনালে পর্তুগাল জাতীয় দলের হয়ে অংশগ্রহণের সময় এই ইনজুরির শিকার হয়েছেন রোনালদো। ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয় করে পর্তুগিজরা। যে কারণে নরওয়েতে অনুষ্ঠেয় ম্যাচের আগে ক্লাবে ফেরার কোন সম্ভাবনাই নেই তার। 
 
রোনালদো বলেন, আগামী ৯ আগস্ট অনুষ্ঠেয় ইউরোপীয় সুপার কাপের স্কোয়াড থেকে আমাকে সম্পূর্ণভাবে বাইরে রাখা হয়েছে। ১০ জুলাই আমি রিয়ালে যোগ দেব। এএস স্পোর্টস।