হবিগঞ্জে নির্মাণাধীন একটি কারখানার দেয়াল চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
রবিবার সকালে সদর উপজেলার দরিয়াপুরে নির্মাণাধীন আরগু তুলার কারখানায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা (৪০) চাপাইনবাবগঞ্জ জেলার কালিয়ানগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সকালে আরগু তুলার কারখানায় দেয়াল নির্মাণের সময় তা ভেঙ্গে মোস্তাফাসহ দুইজনের ওপর পড়ে। এতে তারা আহত হলে স্থানীয়রা তাদের সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোস্তাফাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে।
