আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, 'জামায়াত-শিবিরকে নির্মূল করে বাংলাদেশকে অসাম্প্রদায়িক হিসাবে গড়তে হবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।'
নানক রবিবার বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) অডিটোরিয়ামে 'সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও মতবিনিময় সভা'য় এ কথা বলেন। সভায় বিইউ'র বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান কাজী জামিল আজহার, বোর্ডের সদস্য স্থপতি ইকবাল হাবিব, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান, তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, এ জঙ্গি হামলা নতুন নয়। এটা খালেদা জিয়ার পেট্রল বোমা মেরে মানুষ হত্যার নতুন সংস্করণ। উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, 'একটি কুচক্রী মহল হতাশাগ্রস্ত ছাত্র-ছাত্রীদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে। আমরা জঙ্গিবাদের মাজা ভেঙ্গে দিয়েছি। শুধু পুলিশ দিয়ে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়, এ ক্ষেত্রে সবাইকে জঙ্গি নির্মূলে এগিয়ে আসতে হবে।'
