চোটের ধাক্কায় মুস্তাফিজ

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৪:২৩
মাত্র বছর খানেকের ক্যারিয়ার। এরই মধ্যে যেমন সাফল্য পেয়েছেন, বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন, তেমনই ইনজুরির ছোবলেও পড়তে হয়েছে বারবার। সর্বশেষ গত পরশু বাংলাদেশ সময় রাতে ইংল্যান্ডে অনুশীলন করতে গিয়ে আবারো বাম কাঁধে চোট পেয়েছেন মুস্তাফিজুর রহমান।
 
এই চোটের ফলে গতকাল রয়্যাল লন্ডন কাপে ওয়ানডে অভিষেকটা হয়নি মুস্তাফিজের। গতকাল মুস্তাফিজের দল সাসেক্স এসসি এক টুইটার বার্তায় নিশ্চিত করেছে যে, চোটের কারণেই গতকাল খেলানো হয়নি এই পেস বোলারকে। পাশাপাশি বিসিবির প্রধান চিকিত্সব দেবাশীষ চৌধুরী বলেছেন, তারা নিবিড় নজর রাখছেন পরিস্থিতির দিকে। মুস্তাফিজের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছেন তারা।
 
গত ২১ তারিখ সাসেক্সের হয়ে কাউন্টির টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলেন মুস্তাফিজ। সেখানে ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ অব দ্য ম্যাচও হন। পরের দিনই সারের বিপক্ষে তিনিও অনুজ্জ্বল ছিলেন, সাসেক্সও ম্যাচ হেরেছে।
 
গতকাল বিকাল চারটায় সাসেক্সের হয়েই খেলার কথা ছিল কাউন্টি ওয়ানডে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ। তার আগের দিন স্থানীয় সময় বিকালে অনুশীলনে চোট পান মুস্তাফিজ। এই বাম কাঁধে আগে থেকেই চোট থাকায় আর ঝুঁকি নেয়নি সাসেক্স। গতকাল তার এক্স-রে ও এমআরআই করানো হয়েছে। প্রাথমিকভাবে গুরুতর কোনো সমস্যা মনে করছে না তারা।
 

মুস্তাফিজের এই কাঁধের ইনজুরিটা অবশ্য নতুন কিছু নয়। এ বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালে কাঁধের এই ইনজুরিতে সিরিজের শেষ দুই ম্যাচ মিস করেন তিনি। এরপর এই ইনজুরিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া হয়নি তার। একই ইনজুরিতে এশিয়া কাপের ফাইনালসহ শেষ দুই ম্যাচ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় অংশ মিস করেন ‘কাটার বয়’। সর্বশেষ আইপিএলে একইরকম ব্যথা টের পেলেও সেটা খেলায় বাধা দিতে পারেনি। আইপিএল শেষে এই ইনজুরিটা পুরো কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন।